ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত হলো বর্ণিল নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’।
বর্ষার স্নিগ্ধতা ও প্রাণের স্পন্দনে ভরা এই আয়োজনে অংশ নেন ৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক নৃত্যশিল্পী। অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শকদের হৃদয়ে বর্ষার আমেজ ছড়িয়ে দেয়।
সকাল থেকেই বকুলতলায় ছিল উৎসবের আমেজ। সাদা, সবুজ ও নীল রঙের পোশাকে সজ্জিত শিল্পী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো চারুকলা প্রাঙ্গণ। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লোকসংগীতের সুরে পরিবেশিত হয় ১৬টি ভিন্নধর্মী নৃত্য। ‘মেঘ বলেছে যাব যাব’ দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় ছিল ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘পাগলা হাওয়ার বাদল–দিনে’ ও ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’র মতো জনপ্রিয় গান। সবশেষে ‘আমরা সবাই রাজা’ গানের মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
এই আয়োজনের বিশেষ দিক ছিল এর বৈচিত্র্যময় অংশগ্রহণকারী। তিন শতাধিক অপেশাদার শিল্পীর এই দলে শিশুসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজক অর্থী আহমেদ বলেন, ‘ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি বয়সসীমা জয় করে স্বপ্নকে ডানা মেলতে দেওয়ার উৎসব।’