স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্কটল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

স্কটল্যান্ডকে ৩–০ গোলের ব্যবধানে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপ সেরা হিসেবেই নকআউটে পা রাখল দলটি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং মাতেউস কুনিয়ার দারুণ এক গোলের পাশাপাশি অন্যতম বড় চমক ছিল দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা।

স্কটিশ রক্ষণের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ম্যাচের মাত্র ৭ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডের মাধ্যমে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে ২২ মিনিটে তার আরও একটি গোল ভিএআর–এর কারণে বাতিল হয়। ৬০ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে দলের তৃতীয় গোলটি করেন ইনফর্ম স্ট্রাইকার মাতেউস কুনিয়া। আগের দুই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা সমালোচনা থাকলেও, এদিন মাঠে সাম্বার চিরচেনা ছন্দ তুলেছেন খেলোয়াড়রা। ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে তাকে দেখে গ্যালারিতে উৎসবের ঢেউ ওঠে এবং বদলি হিসেবে নেমেও তিনি আক্রমণভাগে ভীতি ছড়িয়েছেন।

গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে ব্রাজিল এবং মরক্কো—উভয় দলেরই পয়েন্ট ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ৩২–এর লড়াইয়ে ‘এফ‘ গ্রুপের রানার্সআপ সুইডেন, জাপান বা নেদারল্যান্ডসের মধ্যে যেকোনো একটি দলের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, মাত্র ৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডকে তৃতীয় সেরা দল হিসেবে নকআউটে ওঠার জন্য এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে এবং পয়েন্টশূন্য হাইতির বিদায় আগেই নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More