রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

গজারিয়ার আকিফ বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কৃতী সন্তান রাদওয়ান রিদভী আকিফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন। দেশের হাজারো প্রতিভাবান শিক্ষার্থীকে পেছনে ফেলে এই অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে তিনি নিজের মেধার পরিচয় দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েট কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করলে আকিফের এই কৃতিত্ব দ্রুত ছড়িয়ে পড়ে। গজারিয়া ও পুরো মুন্সিগঞ্জ জেলা আনন্দ ও গর্বে ভাসছে।

আকিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। তার এই সাফল্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘বিক্রমপুরের গর্ব’ হিসেবে অভিহিত করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আকিফ বলেন, “বুয়েটের মতো দেশের শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম হওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন। দুই বছরের কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপা ছাড়া এটি সম্ভব হতো না।”

চলতি বছর বুয়েটে প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে মোট ১,৩০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯,০৫১ জন শিক্ষার্থী। ১০ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ৭,৬৪৪ জন ছিলেন ছেলে এবং ২,৭০৭ জন মেয়ে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সকলকে পেছনে ফেলে আকিফ শীর্ষ স্থান অর্জন করেছেন।

স্থানীয়রা মনে করেন, আকিফের এই সাফল্য গজারিয়ার শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা হবে। তারা আশা প্রকাশ করেন, তার এই কৃতিত্ব ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More