সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠা রাজধানী আগারগাঁও এলাকার ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’টির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে কাফরুল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোতে ব্যবসা চালিয়ে আসছিলেন মিজানুর রহমান। এতে পথচারী চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি যানজটও তৈরি হচ্ছিল।
এর আগে, ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশ সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এসএ