পবিত্র ঈদুল ফিতর কেন্দ্র করে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল চাকরিজীবিদের শেষ কর্মদিবস, যার ফলে বিকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।।
এই সম্ভাব্য তারিখ সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। তবে ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে এবং মানুষের ভোগান্তি কমাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এর সঙ্গে, ১৭ মার্চ শবে কদরের ছুটি যোগ হয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দিন।
ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ বাড়তি ছুটি প্রস্তাব করা হয়। পরবর্তীতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এসএ