আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে।