ঈদের আনন্দে ছুঁয়ে গেল বিষাদের সুর। আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন। এরমধ্যে কুমিল্লার পদুয়ার বাজারে রেলক্রেসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া ফেনী ও হবিগঞ্জে নিহত হন আরও সাতজন।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করার সময় রেল ক্রসিং ট্রেনের সাথে একটি বাসের সংঘর্ষ হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী বাসের ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন এবং বহিষ্কার করা হয়েছে ক্রসিং এর দুই গেটম্যানকে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রবিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং আহত হন আরও ১৫ জন। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে অংশ নেয়। দুর্ঘটনার ৮ ঘন্টা পর ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, ফেনীর রামপুর ব্রিজ এলাকায় রোববার ভোর চারটার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
হবিগঞ্জেও সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুরে পিকআপ খাদে পড়ে যায়। পরে সেখান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, বান্দরবানে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।