ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এক বিবৃতিতে কাৎজ বলেন, গত রাতে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবরটি তিনি এইমাত্র জানতে পেরেছেন।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতাকাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
তবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর লারিজানি নতুন করে আলোচনায় আসেন। চলমান যুদ্ধে ইরানের কৌশল নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।