ইতালিতে হামলা ও হেনস্তার শিকার বাঁধন, মামলা দায়ের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজমেরী হক বাঁধন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। এইমাত্র ফোনে বিস্তারিত কথা হলো বাঁধনের সঙ্গে। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলা সম্পন্ন করেছেন।’

গোলাম মোর্তোজা জানান, অপরাধীদের ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করা হয়েছে। ইতালির মূলধারার গণমাধ্যমে বাঁধনকে নিপীড়নের সংবাদ প্রকাশিত হয়েছে। ভেনিসের চলচ্চিত্র উৎসব আয়োজকরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে। কারণ বাঁধন ভেনিস চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি। উৎসবের একজন অতিথির ওপর আক্রমণ হয়েছে, তারাও বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

প্রেস মিনিস্টার তার পোস্টে উল্লেখ করেন, ভেনিসে বাঁধনের থাকার কথা ছিলো দুইদিন। এখন উৎসব আয়োজকরা বলেছেন, যে কয়দিন ইচ্ছা বাঁধন থাকতে পারবেন। তারা সবকিছুর ব‍্যবস্থা করবে। উৎসব শেষে বাঁধন ঢাকায় ফিরে আসবেন, মামলা চলমান থাকবে। দূতাবাস ও বাঁধনের ভাইয়ের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখবে। কোনো একপর্যায়ে সাক্ষ্য দেওয়ার জন‍্যে বাঁধনকে আবার ভেনিসে যেতে হবে। পুলিশ বাঁধনের কাছে জানতে চেয়েছে, তিনি আসতে পারবেন কি না? বাঁধন বলেছেন ‘অবশ্যই আসবো’।

বাংলাদেশ সরকার বিষয়টিকে অত‍্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে জানিয়ে গোলাম মোর্তোজা বলেন, ‘বিস্তারিত কিছু এখনই বলছি না। সময়মতো জানানো হবে। পাশে দাঁডানোর জন‍্যে বাঁধন প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইতালির বাংলাদেশ দূতাবাস, ইতালি প্রবাসী বাংলাদেশিসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।‘

বর্তমানে ইতালি সফররত বাঁধন বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় জানান, স্থানীয় এক পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এসময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।

হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালান বলেও অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এসময় তাকে গালাগালিও করা হয়।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও করেন বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।

‌‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More