আলজেরিয়া‘কে ৩–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ আসরের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলবিসেলেস্তেদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভক্তরা।
তবে এবার ভক্তদের নজর কেড়েছে জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লিখা বিশেষ একটি সংখ্যা– ‘১৮৯৩’।
বিশ্বকাপ ফুটবল যেখানে শুরু হয়েছিল ১৯৩০ সালে, সেখানে জার্সিতে ১৮৯৩ সাল কেন? এই প্রশ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনে। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের মূল ইতিহাস।
জার্সিতে মুদ্রিত ‘১৮৯৩’ মূলত একটি সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) প্রতিষ্ঠার বছরকে নির্দেশ করে। নিজেদের ফুটবলের আদি ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে।
স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপ মহাদেশের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।
হাটন বুয়েনস এইরসে একটি ইংলিশ হাইস্কুল এবং ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল ক্লাব গড়ে তোলেন। ১৯১১ সালে বন্ধ হওয়ার আগে ক্লাবটি রেকর্ড ২২টি শিরোপা জিতে তৎকালীন আর্জেন্টিনার সবচেয়ে সফল দলে পরিণত হয়েছিল।
আর্জেন্টিনার জার্সির এই ‘১৮৯৩’ সংখ্যাটি কোনো গোপন কোড নয়, বরং এটি লাতিন আমেরিকার ফুটবলের শতবর্ষের পুরোনো ঐতিহ্য ও গৌরবের এক অনন্য স্মারক।
তথ্যসূত্র: এনপিবি নিউজ
এসএ