ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক ও ছোটপর্দার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার (২৯ মার্চ) বিকালে রাজ্যটির মেদিনীপুর জেলার দিঘার তালসারি উপকূলে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং করতে পুরো ইউনিট নিয়ে তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের প্যাক আপ হওয়ার পর তিনি সমুদ্রের পানিতে নামেন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় ইউনিটের লোকজনের সন্দেহ হয়। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাহুলের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করা জ্যেষ্ঠ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্যাক আপ হওয়ার পর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আমরা সবাই দুপুরের খাবার খেতে গিয়েছিলাম, রাহুল বলেছিল আরও কয়েকটা শট দিয়ে আসবে। কিন্তু এমন তরতাজা একটা মানুষ এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না।‘
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, রাহুল সম্ভবত সাঁতার জানতেন না অথবা কোনোভাবে পানির নিচে আটকে গিয়েছিলেন। টেকনিশিয়ানরা চিৎকার করে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় রাজকীয় অভিষেক ঘটে রাহুলের। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে প্রিয়াঙ্কার সঙ্গেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজেও তাকে দেখা গিয়েছিল।
সূত্র: আনন্দবাজার ডট কম