দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেন্টমার্টিনে ২ বিজিপি সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেন্টমার্টিনে ২ বিজিপি সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমারের রাখাইনে রাজ্যের মংডুতে বিদ্রোহীদের সঙ্গে নতুন করে দেশটির জান্তা বাহিনীর মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে।

এ পরিস্থিতিতে জীবন বাঁচাতে আজ শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি জানান, টানা কয়েক দিন ধরে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

উল্লেখ্য, এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এসএ/দীপ্ত সংবাদ