পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। প্রায় পাঁচ মাস পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি।

শনিবার (৪ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিশ্চিত করেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস– এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি।

এদিকে, ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে, চলমান লোকসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারে আসীন দল বিজেপি। গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন, তাই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। ২০২৪ সালের ৩১ মার্চ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

প্রসঙ্গত, মহারাষ্ট্রকে বলা হয় ভারতের পেঁয়াজের রাজধানী। দেশটির মোট উৎপাদিত পেঁয়াজের অধিকাংশই আসে এই রাজ্য থেকে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরিশাসসহ আফ্রিকার কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানি করে ভারত।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More