দীপ্ত নিউজ
রাজধানী

বেইলি রোডে কফি খেতে গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেইলি রোডে কফি খেতে  গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা
অ্যাডভোকেট আতাউর রহমান শামীম।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে তিনিসহ দুজন একসঙ্গে ওই ভবনে কফি খেতে যান।

জানা গেছে, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামীম। 

রেস্টুরেন্টে অবস্থান নেয়ার ৫ মিনিটের মধ্যে রেস্টুরেন্টের নিচের দিকে কালো ধোঁয়াসহ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এরপর তারা প্রথমে নিচে নামার চেষ্টা করলেও কালো ধোঁয়ার কুণ্ডলিতে কিছু না দেখতে পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এ সময় ভিড়ের মাঝে আতাউর রহমান শামীম নিখোঁজ হয়ে গেলেও তার সঙ্গে থাকা নূরুল আলম হেলিপ্যাডের মাধ্যমে প্রাণে বেঁচে যান। পরে অ্যাডভোকেট শামীমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব ব্রাহ্মণবাজারের শ্রীপুরে পারিবারিক কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

এজে/দীপ্ত সংবাদ