দীপ্ত নিউজ
জাতীয়

খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। চিঠিতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। এএফপি প্রতিবেদনে জানা যায়, গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

চিঠিতে তিনি বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি ‘রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরত্বপূর্ণ ধাপ হবে।’

এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পাঠানো এ চিঠিটি দেখেছে তারা। এতে তিনি লিখেছেন, ‘আমি আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি (খালেদা জিয়া) যেন জরুরিভিত্তিতে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি বিবেচনা করবেন।’

নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশে বড় ধরনের বিক্ষোভের জন্ম দিতে পারে উল্লেখ করে এএফপির প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এর আগে বিরোধী দলগুলো একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমন সময়ে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশে বড় ধরনের বিক্ষোভের জন্ম দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যে রয়েছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফেরার আশা করছে বিএনপি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ