শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
পরিবেশ

ঢাকাসহ ৬ বিভাগে ভারি বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকাসহ ৬ বিভাগে ভারি বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

রবিবার (৬ আগস্ট) দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশের উপকূলীয় তিন বিভাগে ভারী বৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা একেবারেই কম। এ সময়ে সবেচেয়ে বেশি ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে। এছাড়া চট্টগ্রামে ১৪৬, সন্দ্বীপে ১২৮, সীতাকুণ্ডে ১৩৪, রাঙ্গামাটিতে ১৪৬, হাতিয়ায় ১১২, খেপুপাড়ায় ১৪০ মিলিমিটার অতিভারী বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এ কে এম নাজমুল হক জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ