সরকার পতনের এক দফা ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। ঢাকাসহ সারাদেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানী উত্তরার আবদুল্লাহপুর থেকে এ পদযাত্রা শুরু হয়। এটি শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে। পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
জানা গেছে, বিএনপির এ পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
গতকাল মঙ্গলবার ছিল বিএনপির দুদিনব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন। ওইদিন দলটির নেতাকর্মীরা গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেবের বাজার পর্যন্ত পদযাত্রা করে। এতে সরকারবিরোধী সমমনা দল ও জোটগুলো সংহতি জানিয়ে অংশ নেয়।
গত ১২ জুলাই সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই দুইদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপি নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সরকার সহিংসতার উসকানি দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, কোনো পাতা ফাঁদে পা দেবেন না তারা।
আফ/দীপ্ত নিউজ