
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ

আগামী মাসেই শেষ হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও কোর পোর্ট ফ্যাসিলিটির নির্মাণকাজ। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে বন্দরটিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে গতি পাবে দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে।
একসময়ের শান্ত রাবনাবাদ নদীর তীরে এখন দিনরাত চলছে বিশাল কর্মযজ্ঞ। বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের আওতায় এরইমধ্যে ৬৫০ মিটার দীর্ঘ মূল জেটি এবং ৩ লাখ ২৫ হাজার বর্গমিটারের বিশাল ব্যাকআপ ইয়ার্ডের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এর ফলে একই সময়ে ২০০ মিটার দৈর্ঘ্যের তিনটি বড় জাহাজ একসঙ্গে জেটিতে ভিড়তে এবং পণ্য খালাস করতে পারবে।
টার্মিনাল থেকে সরাসরি সড়ক পথে পণ্য পরিবহনে আন্ধারমানিক নদীর ওপর ১ দশমিক এক আট মিটারের সেতু ও ৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সড়কের কাজও প্রায় শেষের দিকে। গাড়ির পার্কিং ইয়ার্ডসহ আনুষঙ্গিক অবকাঠামোর কাজও শেষ হচ্ছে ডিসেম্বরের মধ্যে।
পায়রা বন্দরকে পূর্নাঙ্গরূপে চালু করতে ড্রেজিং প্রকল্প বাস্তবায়নসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
তবে, এত সম্ভাবনার মাঝেও বন্দর কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ রাবনাবাদ চ্যানেলের নাব্য সংকট। যা স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা এবং বন্দরের নিজস্ব ড্রেজার সংগ্রহের একটি প্রকল্প বর্তমানে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মো. ইমরান/এফ/দীপ্ত নিউজ








