দীপ্ত নিউজ
সারাদেশ

১৮ বছর পর নিজ বাড়িতে বাদল ফরাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৮ বছর পর নিজ বাড়িতে বাদল ফরাজি
ছবি: দীপ্ত নিউজ

১৮ বছর পর মায়ের কোলে ফিরলেন বাগেরহাটের বাদল ফরাজি। তবে মুক্তি মিলেছে মাত্র চার সপ্তাহের জন্য। মায়ের অসুস্থতায় প্যারোলে বাড়ি ফিরলেও আবার কারাগারে যেতে হবে তাকে। পরিবারের প্রত্যাশা– সাময়িক নয় স্থায়ী মুক্তি মিলবে বাদলের।

১৮ বছরের অপেক্ষার অবসান! বাড়িতে ফিরেই অসুস্থ মাকে আলিঙ্গণ করেন বাদল ফরাজি। একে একে জড়িয়ে ধরেন বোনসহ পরিবারের সদস্যদের। সৃষ্টি হয় এক আবেগঘন মুহূর্তের।

ভারতের দিল্লিতে ২০০৮ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় বাদল ফরাজির। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী।

এর মধ্যে হারিয়েছেন বাবাকে। অসুস্থ মায়ের কথা বিবেচনায় চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। তাকে কাছে পেয়ে আনন্দিত পরিবার ও স্বজনরা।

প্যারোলের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পরিবারের দাবি, তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল। কিন্তু বিএসএফ তাকে আটক করে হত্যা মামলার আসামি “বাদল সিং” হিসেবে গ্রেপ্তার দেখায়।

সুমন মন্ডল/এফ/দীপ্ত নিউজ