
খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল

পাহাড়ি কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে মাল্টা চাষ। খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে মাল্টা উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। কিন্তু ফলন ভালো হলেও নেই পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা।
খাগড়াছড়ির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে একসময় তেমন কৃষি আবাদ ছিল না। তবে সময়ের সঙ্গে চিত্র বদলেছে। পাহাড়ের ঢালে মাল্টা চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন স্থানীয় কৃষকরা।
২০০৬ সালে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত বারি–১ জাতের হাত ধরেই এই অঞ্চলে মাল্টা চাষের বিস্তার ঘটে।
বর্তমানে খাগড়াছড়িতে প্রায় ৬০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে মাল্টা। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ২০০ মেট্রিক টন। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। স্থানীয় বাজার ও পর্যটকদের কাছেও বাড়ছে এর চাহিদা।
তবে একসঙ্গে ফল পাকায় মৌসুমে বাজারে মাল্টার সরবরাহ বেড়ে যায়। এতে কমে যায় দাম। পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় কম দামে ফল বিক্রি করতে বাধ্য হন কৃষক। এমনকি নষ্টও হয় অনেক মাল্টা।
এছাড়া, ছয়–সাত বছর বয়সী গাছের পাতা লালচে হওয়া এবং অপরিপক্ব ফল বাজারজাত করায় বাড়ছে উদ্বেগ।
হিমাগার স্থাপন ও কারিগরি সহায়তা নিশ্চিত হলে পাহাড়ের মাল্টা চাষ আরও সমৃদ্ধ হবে। এতে বদলাবে কৃষকের ভাগ্য– এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
সাকিব মামুন/এফ/দীপ্ত নিউজ








