
অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার

হাজার বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী, নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল মহাবিহার। তবে যথাযথভাবে সংরক্ষণ না করায়, চরম অবহেলায় পড়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাটি।
একাদশ শতকের শেষার্ধে ভিমকে পরাজিত করে প্রিয় পিতৃভূমি বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন রাজা রামপাল। এরপর প্রজাদের শিক্ষা ও জ্ঞানচর্চার কথা ভেবে তিনি প্রতিষ্ঠা করেন এই ঐতিহাসিক জগদ্দল মহাবিহার।
২০১৩ সালে প্রথমবারের মতো এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। সে সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে ১৪টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি এবং ৩৩টি ভিক্ষু কক্ষসহ অসংখ্য মূল্যবান নিদর্শন। এরপরই এই বিহারের খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ–বিদেশে।
কিন্তু দীর্ঘদিন পার হলেও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এখানে।
পর্যটকরা জানান, বিহার এলাকায় বিশুদ্ধ পানি, বসার জায়গা কিংবা শৌচাগার, কোনো ব্যবস্থাই নেই। এতে দূর–দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে। পাশাপাশি সীমানা প্রাচীর না থাকায়, চরম নিরাপত্তাহীনতায় পড়েছে স্থাপনাটি।
সঠিকভাবে সংরক্ষণ আর আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে, হাজার বছরের এই জগদ্দল মহাবিহার হতে পারে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র– এমনটাই মনে করেন স্থানীয়রা।
আব্দুর রউফ/এফ/দীপ্ত নিউজ








