
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না‘- বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, এখন থেকে হাত মুষ্টিবদ্ধ করতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ–এর হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘অনেকে আমাদেরকে বলে, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার।’
তিনি বলেন, ইতিহাস বলে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র জনগণের বিরুদ্ধে কাজ করে না। এটা ভোঁতা হয়ে যায়।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের জন্য আলাদা দুটি ভোট হলেও ক্ষমতাসীন দল একটি মেনেছে, আরেকটি মানেনি বলে মন্তব্য করেন জামায়াত আমির।








