
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’—রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে এমন কথা বলে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা রাকায়েদ হোসেন রুকু।
শনিবার (১৪ নভেম্বর) তাদের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া অডিওতে রুকুকে প্রথমে ওসির খোঁজখবর নিতে শোনা যায়। ওসি আতিকুর রহমান জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। ৪ নভেম্বর মোহনপুর থানায় দায়িত্ব নিয়েছেন।
এরপর রুকু নিজেকে ওই এলাকার একজন পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আপনি আমাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। আমরা অতিথির সম্মান করতে চাই।’
রুকু বলেন, মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে, এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরও পুলিশ কর্মকর্তাদের এখানে চাকরি করতে হবে। এ সময় তিনি ছাত্রলীগের কোনো নেতা–কর্মীকে হয়রানি না করার জন্য ওসিকে অনুরোধ করেন।
জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’
রুকু বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’
ফোনালাপের শেষ দিকে রুকু আবারও ওসিকে সতর্ক করে বলেন, ছাত্রলীগের কোনও কর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও তাকে চাকরি করতে হবে এবং তাকে আবার মোহনপুর থানায় ফিরিয়ে আনা হবে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি তারা জানেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে বিভিন্ন স্থান থেকে হুমকি দেয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।








