
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও

ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন বড় ভাই। বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন ওই গ্রামের মৃত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) ও আব্দুল আজিজ তালুকদার (৮২)।
স্বজনেরা জানান, ছোট ভাই হাকিম তালুকদারের মৃত্যুর আগে দুই ভাই একসাথে বসে কান্নাকাটি করেন। এ সময় তারা একে অপরের কাছে ক্ষমা চান।
বড় ভাই আজিজ তালুকদার আগে থেকেই অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান।
আব্দুল আজিজ তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন করা সম্ভব হবে না।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।








