দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। এরপর ব্যাট উঁচিয়ে ধরে উদযাপনের পর সেজদায় অবনত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মিরপুরের পর সিলেটেও সিনিয়র ব্যাটারদের ব্যর্থতায় শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন হৃদয়। তাঁর ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৩ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫ রান। হৃদয় ৩২৬ বলে ২১৩ রানে অপরাজিত রয়েছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।