
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকালে কারখানা শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবস্থান নেন। শ্রমিকদের এ আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০ কারখানা ছুটি দেওয়া হয়েছে। আন্দোলনের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েনছে। যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’








