
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেলা সোয়া ২টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বিকেল ৩ টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনার পলায়নের ভিডিও প্রকাশ করে দেয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে হয়ে থাকতে পারে।
এদিকে, মিডিয়া ট্রায়ালের মুখে পড়ে যাতে বিচারকার্য ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য জামিন চাননি আসামিপক্ষ।
উল্লেখ থাকে, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ–পুলিশ ফাঁড়ি। পরে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নৌ–পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর তিনদিনের মাথায় শুক্রবার (৩০ অক্টোবর) তাহসিফের বাবা হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ–পুলিশ।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।