
আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার

ভারতের পূর্বাঞ্চলীয় ‘অন্ধ্র প্রদেশ‘ রাজ্যে আঘাত হেনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তথ্য অনুযায়ী, এটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হওয়ায় উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টা ১৬ মিনিটে দেয়া আইএমডি সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছাকাছি প্রায় স্থির অবস্থায় ছিল। স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া আরও প্রায় ২ ঘণ্টা চলতে পারে বলে জানানো হয়।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বিশাখাপত্তনমে—২১৬ দশমিক ৯ মিলিমিটার।
একই সময়ে কলিঙ্গপত্তনমে ১৪৭ দশমিক ৫, টুনিতে ১২৩ দশমিক ৩, কাকিনাড়ায় ১১৮ দশমিক ৪, মাচিলিপত্তনমে ১১৫ দশমিক ২, নরসাপুরে ৪৮ দশমিক ৬, বাপটলায় ১৫ দশমিক ৯ এবং ওঙ্গোলে শূন্য দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের নিচু এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ ঘণ্টায় জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার বেশি উচ্চতার পানি এসব এলাকায় ঢুকে পড়তে পারে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।