
সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রবাসী দুই তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান।
শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই প্রাথমিক দলে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলারদেরও রাখা হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে দল সাজাতে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গুরুত্ব দিয়েছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশি বংশোদ্ভূত রোনান ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়েন। ওই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। রোনান গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২–০ ব্যবধানে জেতান। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও একটি গোল করেন। গ্রুপপর্বে করেন এক গোলে সহায়তা।
রোনানের মতো প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খান। এই ফুটবলার চলতি মৌসুমে ৭ ম্যাচে করেছেন ৯ গোল। মাহি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের হয়ে খেলেছেন।
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কোচ টমাস ডুলির ঘোষিত প্রাথমিক দলে দেশি ফুটবলারদের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দের ওপরও আস্থা রাখা হয়েছে। দলে রয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদ।
এছাড়া, চোট কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। ফিরেছেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও।
আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। ঘরের মাঠে ভালো ফলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে দলটি।
সাফের ২৮ সদস্যের বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।
ফরওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।