
কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
এসআই সোলাইমান হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে লাইফগার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।’
নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তাদের সঙ্গে থাকা অন্য পর্যটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিখোঁজ পর্যটকদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সৈকত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।