শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

‘আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না‘—মন্তব্য করেছেন ঢাকা–৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব।’

বুধবার (২১ অক্টোবর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্ট‘টি হুবহু তুলে ধরা হলো—

“প্রিয় ঢাকা–৬–এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।”

‘এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা–পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।’

‘কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রতিমন্ত্রী পদ‘ থেকে পদত্যাগ করেন ইশরাক।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।