শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সফরে বাগেরহাট জেলার মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন। ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলা‘র উদ্দেশে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটি পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বিকাল ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন।

বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ৫ টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার–১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।