
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ '
রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী‘কে স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি–১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে কর্মরত মো. ইউসুফ আলীকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি আদেশ পাওয়ার পর মঙ্গলবারই (২০ অক্টোবর রাজশাহী ছেড়েছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
কী কারণে বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমকে বলেন প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এটা সব সময়ই হয়।
এর আগে, মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার পরপরই ইউসুফ আলী‘কে মন্ত্রণালয়ে বদলি করা হয়।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।