
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

নাটোর জেলার বনপাড়া এলাকায় ‘আরপি পরিবহনের‘ যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ৯ জন ও পরে হাসপাতাল নেওয়ার পর আরও ৫ জন মারা যান।
নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন— রাজশাহী জেলার বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আহুদিয়া (৮), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সামাদ (৭০), জুয়েল (৪০), জহুর উদ্দিন, শামলাল মোল্লা (৪৫), কাশেম (৩৫), জাহান উদ্দিন মোল্লা।
এছাড়া, দুর্ঘটনা কবলিত বাস ড্রাইভার মো. সোহেল রানা। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহনের‘ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু (এমপি)।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে, সেজন্য দুর্ঘটনা এড়াতে যে পদক্ষেপগুলো নেয়া প্রয়োজন সরকারের দায়িত্বশীল এমপি–মন্ত্রীদের সঙ্গে সেগুলো আলোচনা করবো।
এসএ







