
‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’– এমন আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা শেরপুর জেলার বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম আর নেই।
দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
একই দিন বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে নূরজাহান বেগমকে দাফন করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘নূরজাহান বেগম আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে শয্যাশায়ী ছিলেন নূরজাহান বেগম। অর্থাভাবে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে নানা সংকটের মুখে পড়েন বৃদ্ধ সাজু শেখ। নিজেদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করাও তাদের জন্য কঠিন হয়ে উঠেছিল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সাজু শেখের একটি ভিডিও। সেখানে স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানিয়ে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।
শেষ পর্যন্ত দীর্ঘ ৬৫ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে একা হয়ে পড়লেন বৃদ্ধ সাজু শেখ। সব মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন নূরজাহান বেগম।
এসএ







