দীপ্ত নিউজ
ধর্ম

মণ্ডপে ভক্ত-দর্শনার্থীর ভিড়, দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মণ্ডপে ভক্ত-দর্শনার্থীর ভিড়, দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
ছবি: সংগৃহীত

মণ্ডপে মণ্ডপে ভক্ত, পূজারি ও দর্শনার্থীর ভিড় আরও বেড়েছে। সন্ধ্যার পর থেকে মণ্ডপগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

এবার পঞ্জিকা অনুযায়ী, সপ্তমী তিথি দুদিন পড়ায় শনিবার প্রথম দিনের মহাসপ্তমী পালিত হয়। রবিবার সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দিনের মতো দেবীর শুক্লা সপ্তমীবিহিত (অধিক) পূজা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৯ অক্টোবর), শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ও সন্ধি পূজা আজ। ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।

অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা। এ পূজায় এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়।

সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

সনাতন শাস্ত্রমতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। নারীর প্রতি সম্মান ও নারীশক্তির আরাধনাই কুমারী পূজার অন্যতম শিক্ষা।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ৪৩ মিনিটের মধ্যে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণ মিশন, মঠসহ কয়েকটি মণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের কিছুটা হেরফের ঘটবে।

হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পরে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন।

 

এসএ