
মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড

শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করেছে জেসিআই ঢাকা ইউনাইটেড।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর খিলগাঁও সরকারি বাসভবন জামে মসজিদ ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনটির ‘সবার জন্য বই ৫.০’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, শিক্ষামূলক বই, খাতা, কলম, পেনসিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাশতা ও প্রীতিভোজে অংশ নেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি নেটর ডা. মো. আনামুল হক। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুফতি মো. জাকারিয়া এবং জনতা ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সালেহ আহমেদ।
এ ছাড়া মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতারা এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর মাধ্যমে একটি শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
জেসিআই ঢাকা ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘সবার জন্য বই ৫.০’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।





