দীপ্ত নিউজ
সারাদেশ

ডিসির কোলে মায়ের পরশ পেল এতিম শিশু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডিসির কোলে মায়ের পরশ পেল এতিম শিশু
ছবি: সংগৃহীত

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে মা–হারা এক শিশুকে পরম মমতায় কোলে তুলে নেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৪ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে এমন ঘটনা ঘটে।

জানা যায়, দেড় মাস বয়সে শিশুটির মা খুনের শিকার হয়। এরপর শিশু আব্দুল্লাহ দাদা–দাদির সাথে থাকতে শুরু করে। তিন ভাই বোনের মধ্যে সে সবার ছোট। শিশুটির স্বজনরা গণশুনানীতে জেলা প্রশাসকের কাছে এসেছিলেন। এ সময় তারা ডিসির অদূরে বিপরীত পাশের চেয়ারে বসেছিলেন। ওখান থেকেই আব্দুল্লাহ বারবার ডিসির কোলে ওঠার জন্য হাত বাড়াচ্ছিল। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিতে আসলে আব্দুল্লাহকে কোলে তুলে নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন।

এদিকে, জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনের কোলে শিশু আব্দুল্লাহর স্নেহমাখা মুহূর্তের ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন। এ ছাড়া অনেকেই ছবিটি নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে জেলা প্রশাসকের প্রশংসা করেন। একজন প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি তার মাতৃসুলভ স্নেহ, মমতা ও মানবিক আচরণও প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি–সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা–সংক্রান্ত বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক (ডিসি) সেবাপ্রার্থীদের সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।