দীপ্ত নিউজ
খেলা

ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো
ছবি: সংগৃহীত

কাউকে কিছু না জানিয়ে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা করায় ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে ইনফান্তিনো তোপের মুখে পড়েন।

বৈঠকের পর ফিফা অ্যাপে এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। তবে এটি কেবল একটি প্রস্তাব ছিল, চূড়ান্ত চুক্তি নয়।’

তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট মনে করেন, শুধু ক্ষমা চাইলেই আস্থা ফিরে আসবে না। প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার নথি ও এ নিয়ে আলোচনার বিষয়ে সরাসরি প্রশ্নের উত্তর না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

হিউইট বলেন, ‘আমার মনে হয়, তাকে (ইনফান্তিনো) এসব প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি যদি এখনই প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে ফিফা সভাপতি হওয়ার যোগ্যতা তার নেই।’

সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে কেবল এফএফই বিতর্কই নয়, আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা, ফিফা পিস প্রাইজ (শান্তি পুরস্কার) এবং সদস্য দেশগুলোর ফান্ডিং সংক্রান্ত বিতর্কেও ইনফান্তিনোকে চেপে ধরেন কাউন্সিল সদস্যরা।

এদিকে, ফিফা কাউন্সিল সংস্থাটির আর্থিক রিজার্ভ থেকে ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব অনুমোদন করেছে। আগামী চার বছরের চক্রে এই অর্থ প্রতিটি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। তবে একদিকে আর্থিক সহায়তা বিতরণের সিদ্ধান্ত, অন্যদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ক—সব মিলিয়ে ফিফার প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আস্থা কতটা ফিরবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।