
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া পবিত্র কোরআন পড়া ১২৩ বছর বয়সী আব্বাস আলী প্রামানিক মারা গেছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৩ বছর ৫ মাস। তিনি দুই মেয়ে, ৬ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্বাস আলী প্রামানিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
আব্বাস আলী প্রামানিকের নাতি রিপন হোসেন বলেন, দাদা শারীরিকভাবে সুস্থই ছিলেন। গত রবিবার হঠাৎ তার শারীরিক অবস্থা পরিবর্তন ঘটে। কথাবার্তার স্বরে পরিবর্তন ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।
তিনি বলেন, দাদার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা প্রদান করেন। শয্যাশায়িত হয়ে পড়েন তিনি। শুধুমাত্র তরল দুধ খাচ্ছিলেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, আব্বাস আলী প্রামানিক গুরুদাসপুর উপজেলার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন। উপজেলা প্রশাসন সব সময় তার শারীরিক খোঁজ খবর নিয়েছে। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবরটি শুনেছি। অত্যন্ত দুঃখজনক বিষয়। তার মৃত্যুতে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।





