বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানো ৯ বছরের সেই শিশুটির পড়াশোনাসহ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শিশুটির বাবা অনিক সরদারের ডোপ টেস্টে মাদক সেবনের উপস্থিতি পাওয়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। অনিক পশ্চিম বামরাইল গ্রামের বাসিন্দা।
ইউএনও বলেন, বরিশাল নগরের বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র নিউ লাইফে দুই থেকে তিন মাস তার চিকিৎসা চলবে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’
শুক্রবার রাতে পশ্চিম বামরাইল এলাকায় চুরির অভিযোগে অনিককে আটক করেন স্থানীয়রা। পরে বামরাইল বাজারে একটি খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়।
পরদিন সকালে খবর পেয়ে সেখানে ছুটে যায় তার ৯ বছরের মেয়ে তুবা বিনতে অর্নি। বাবাকে বাঁধা দেখে সে তাকে চা ও রুটি খাওয়ায়। পরে স্থানীয়রা অনিককে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ইউএনও আলী সুজা বলেন, অনিকের পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস যাতে বাড়িতে থেকে কাজ করে আয় করতে পারেন, সেজন্য ব্যবস্থা করা হচ্ছে।
তুবার পড়াশোনার বিষয়েও প্রশাসন সহযোগিতা করবে বলে জানান ইউএনও। তিনি বলেন, তুবা যে স্কুলে পড়ে সেখানে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা তার পড়াশোনায় বিশেষ নজর রাখবেন।
শিশুটির নামে একটি ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউএনও বলেন, দেশ-বিদেশের অনেকে তুবাকে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন। তার নামে স্থায়ী আমানত করার পরিকল্পনা রয়েছে।
অনিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার বাড়ি থেকে নিউ লাইফে নিয়ে যান। কেন্দ্রটির চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, তুবার বাবা অনিক সরদার বর্তমানে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসনের সহায়তায় নিউ লাইফ তার দায়িত্ব নিয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকাসক্তির কারণে টাকার প্রয়োজন মেটাতে অনিক পড়ে থাকা জিনিসপত্র চুরি করতেন। সূত্র: কালের কন্ঠ।