চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে ব্রহ্মপুত্র–যমুনা, গঙ্গাসহ দেশের প্রধান কয়েকটি নদ–নদীর পানি বাড়তে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বৃষ্টিপাত ও নদ–নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। এর প্রভাবে আগামী ৩ দিন দেশের চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র–যমুনা ও গঙ্গা নদ–নদীর পানি বেড়েছে। তবে পদ্মা নদীর পানি কমেছে। আগামী ৫ দিন এসব নদ–নদীর পানি বাড়তে পারে। তবে এ সময়ও নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৩ দিন এ তিন নদীর পানিই বাড়তে পারে।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে গোমতী নদীর পানি কমেছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী ২ দিন পানি কমার সম্ভাবনা রয়েছে।
এসএ