পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাত্র ছয় মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। আমরা ফটোসেশন–ফটোশোর রাজনীতি করি না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন, আমি স্বপ্নের মধ্যে থাকতে চাই না। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। তার সেই তীক্ষ্ণ দৃষ্টি থেকে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ হাতে নিয়েছি এবং শুরু করেছি। মাত্র ৬ মাস হয়েছে। সব কাজ শেষ হওয়া সম্ভব নয়। এটা বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসে মাথায় উনারা লং মার্চ করবেন। আমরা ফটোসেশন–ফটোশোর রাজনীতি করি না।
তিনি আরও বলেন, সামাজিক কাজ করতে করতে মাদকমুক্তকরণ সম্ভব হবে। কারণ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি। ১৭ বছরের ট্রেন্ড প্রভাবশালী লোকগুলা এখনও কলকব্জা নাড়াচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ–সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সেক্রেটারি হারুনুর রশিদ, কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ আরও অনেকে।