কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেল থেকে প্রায় ২ হাজার আইফোনসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে শহরের হোটেল ‘সি প্যালেসে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে এবং ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সংক্রান্ত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, কক্সবাজারে এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে আরও কয়েকশ বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। ধারণা করা হচ্ছে, মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন হোটেলে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা এবং তাইওয়ানিজ নাগরিক অবস্থান করে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। তবে তারা ঠিক কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন বা হোটেলে অবস্থানকালে কী ধরণের কার্যক্রম চালাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। বিপুল পরিমাণ আইফোনসহ বিদেশি নাগরিক গ্রেপ্তারের এই ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More