দেশে ফের বাড়ল স্বর্ণ ও রূপার দাম। তেজাবী স্বর্ণ ও রূপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন এই দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী প্রতি গ্রাম (হিসাব অনুযায়ী প্রতি ভরির জন্য ১১.৬৬৪ গ্রাম বিবেচনা করে) ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ৩৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি গ্রাম ১ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১ হাজার ৬৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রূপার নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি গ্রাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপালঙ্কার ৮৮০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম ৮২৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রূপালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরী ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।