বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন, আমরা মনে করি, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের মূল শক্তি হচ্ছে আঠারো কোটি দেশপ্রেমিক বাংলাদেশী। আপনাদের সমর্থনেই আজকে আমরা নির্বাচিত হয়েছি, সংসদে গিয়েছি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর হেলাল বলেন, গত সতেরো বছর দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা রাজপথে অবস্থান করেছিলাম, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের মোকাবিলা করেছি। আমাদের সংসদ সদস্যরা এখনো মাঠে আছেন, প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক জনগণের পাশে আছেন।

তিনি আরও বলেন, আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। কারণ, ৫ আগস্টের ছাত্রজনতার ঐতিহাসিক পরিবর্তনটি আমাদের ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের জন্য ছিল না; বরং তা ছিল এই আঠারো কোটি বাংলাদেশীর ভাগ্য পরিবর্তনের জন্য।

জনগণের প্রদত্ত রায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের একেকটি ভোট আমাদের জন্য পবিত্র আমানত। তাদের ভাগ্য উন্নয়ন, জীবন ও জানমালের নিরাপত্তা, এলাকা ও জীবনমানের সামগ্রিক অগ্রগতির জন্য এই আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশ্বমঞ্চে তাদের একটি উন্নত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

পরবর্তীতে দুপুর সোয়া ১২টায় হাটহাজারী বাস স্টেশন চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়, যা উপজেলা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়ানো হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় চেয়ারপার্সন হিসেবে দলটির নেতৃত্ব দেন। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More