সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির আদর্শ ধারণ করে সব চক্রান্ত মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছে যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। স্বাধীনতা পরবর্তী অরাজকতা থেকে দেশকে মুক্ত করা, মানুষের কল্যাণ ও স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচিসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শভিত্তিক রাজনীতি, খালেদা জিয়ার উৎপাদনমুখী রাজনীতি এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুগঠিত নেতৃত্ব ও যুগান্তকারী কর্মসূচি ধারণ করে চলতে পারলে আমরা মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কল্যাণে কাজ করতে পারব।

তিনি আরও বলেন, সব চক্রান্তের মুখেও দলের আদর্শ ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে।

বক্তব্যের একপর্যায়ে ফজলুল হক মিলন ‘বিজয়ের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’ এবং ‘লাল-সবুজের পতাকায় জিয়া, তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দিতে থাকেন।

আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More