পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় দেড় বছরের শিশুপুত্রকে বিক্রি করে সেই টাকা দিয়ে আইফোন কেনার ঘটনায় অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সি‘কে আটক করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী–সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মো. মারুফ মুন্সি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে বিক্রি হয়ে যাওয়া শিশু সন্তান মুসা‘কে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটিকে দত্তক নেয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধার করে দশমিনা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিজেদের পরিচর্যায় রেখেছে। একই সঙ্গে শিশু বিক্রির একটি লিখিত চুক্তিপত্রও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকায় ইমরান হোসেনের সঙ্গে মারুফ মুন্সি রাজমিস্ত্রির কাজ করতেন। সেই পরিচয়ের সূত্র ধরেই ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করা হয়।
তিনি আরও জানান, শিশুটিকে বিক্রির বিষয়টি মারুফ তার স্ত্রী কিংবা শিশুটির দাদীকে জানাননি। উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ