বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র ইউনিয় কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে; যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এই বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন।
তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থী।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিদায়ী নেতৃবৃন্দের দায়িত্ব পালনকালীন অবদানকে শ্রদ্ধার সাথে বহন করছে এবং তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তীতে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু।
এসএ