২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম বড় ভিত্তি ছিল স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেও বিশ্বকাপের অফিসিয়াল টিম অব দ্য টুর্নামেন্ট–এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি স্পেনের দুই সেন্টার–ব্যাক পাউ কুবার্সি ও আয়মেরিক লাপোর্তে। ফিফার এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে কুবার্সি ও লাপোর্ত ছিলেন স্পেনের রক্ষণভাগের মূল ভরসা। চ্যাম্পিয়ন হওয়ার পথে স্পেন একমাত্র গোল হজম করে কোয়ার্টার–ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কুবার্সি জেতেন ফিফা বেস্ট ইয়াং প্লেয়ারের পুরস্কারও।
তবু ফিফার প্রকাশিত সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় দুই সেন্টার–ব্যাকের কেউই জায়গা পাননি। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এত শক্তিশালী রক্ষণ গড়ে তোলার পরও কেন তারা উপেক্ষিত হলেন।
প্রতিটি বিশ্বকাপের পর ফিফা সমর্থকদের ভোটের মাধ্যমে টিম অব দ্য টুর্নামেন্ট নির্বাচন করে। ভক্তরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ৪–৩–৩, ৪–৪–২ অথবা ৩–৪–৩ ফরমেশনে নিজেদের পছন্দের একাদশ সাজাতে পারেন।
রক্ষণভাগে স্পেনের প্রতিনিধিত্ব করছেন কেবল দুই ফুল–ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দেজ, নেদারল্যান্ডসের ভিরগিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালায়েস এবং ফ্রান্সের দায়ো উপামেকানো।
গোলরক্ষকদের তালিকায় আছেন গোল্ডেন গ্লাভজয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড এবং কুরাসাওয়ের এলয় রুম।
মিডফিল্ড ও উইংয়ে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি (গোল্ডেন বল বিজয়ী) ও লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুদ বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ক্রোয়েশিয়ার লুকা মদরিচ এবং মরক্কোর ইসমাইল সাইবারি।
আক্রমণভাগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্পেনের মিকেল ওইয়ারজাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনিওনেস, নরওয়ের আরলিং হালান্ড এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন ভক্তদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল সেরা একাদশ।
বিশ্বকাপ–২০২৬ সেরা একাদশ (৪–৩–৩)
গোলরক্ষক: ভোজিনহা (কেপ ভার্দে)
ডিফেন্ডার: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)